সব
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার তিনটি প্রদেশে স্থানীয় সময় বুধবার সকালে সিরিজ বিস্ফোরণ ঘটেছে। আলজাজিরা জানিয়েছে, একই সময়ে বেলগোরোদ প্রদেশের গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লেগেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাদকোভ বলেছেন, বেলগোরোদ প্রদেশের স্তারায়া নেলিদোভকা গ্রামের কাছের একটি গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরেছিল। তবে সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চলতি মাসের শুরুর দিকে রাশিয়া অভিযোগ করেছিল, বেলগোরোদের একটি জ্বালানি সংরক্ষণাগারে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এ ছাড়া বেসামরিক নাগরিকদের গুলি করারও অভিযোগ তুলেছিল মস্কো।
রাশিয়ার বেলগোরোদ প্রদেশের সঙ্গে ইউক্রেনের লুহানস্ক, সুমি এবং খারকিভ অঞ্চলের সীমান্ত রয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এসব অঞ্চলে রাশিয়া আগ্রাসন শুরুর পর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
রাশিয়ার কুরস্ক প্রদেশের গভর্নর রোমান স্তারোভয়েৎ বলেছেন, আজ বুধবার ভোরে কুরস্ক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে চালানো গুলির শব্দের মতো এটি।
সূত্র : আলজাজিরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি