উত্তরের মেয়রের সঙ্গে আসিয়ানভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

;
  • প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৪:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার বিকেলে রাজধানীর গুলশান-২-এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়রের সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো, ব্রুনেইয়ের হাইকমিশনার হ্যারিস ওথম্যান, মালেশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদ্দি সামিতমোর, ফিলিপাইনের রাষ্ট্রদূত এল্যান এল ডেনিগা এবং সিংগাপুরের কনস্যুলার শীলা পিলাই সাক্ষাৎ করেন।

জানা যায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত আটটি দেশের ও ঢাকার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আসিয়ান-ঢাকা কমিটি (এডিসি)।

শুরুতেই এডিসির চেয়ারম্যান ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

এসম তিনি বলেন, ‘এডিসির সদস্য আসিয়ানভুক্ত আটটি দেশ ও ঢাকার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। আমরা শুরুতে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। ‘ আলোচনায় আগামী আগস্ট মাসে ডিএনসিসি এলাকায় এডিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সম্ভাব্য সময় নির্ধারিত হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, “এডিসির সদস্যগুলোর মধ্যে ‘সিস্টার সিটি’ গড়ে তোলার মাধ্যমে একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। এর ফলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। ”

এ সময় শহরগুলোর মধ্যে কিভাবে ফুটপাত ব্যবস্থাপনাসহ অন্যান্য উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময় করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি