সব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ প্রধানের একজন মুখপাত্র শুক্রবার এ কথা জানিয়েছেন।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুতিনের সঙ্গে বিশ্ব সংস্থার প্রধানের এটাই হবে প্রথম সাক্ষাৎ।
শুক্রবার নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেছেন, গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি মধ্যাহ্নভোজের পাশাপাশি বৈঠক করবেন।
কানেকো বলেন, ইউক্রেনে শান্তি আনতে জরুরি ভিত্তিতে কী করা যেতে পারে সে বিষয়ে মহাসচিব কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
মহাসচিবের কার্যালয় ইউক্রেন সফরের সময়সূচি এবং প্রস্তুতি নিয়ে রাশিয়ার প্রতিবেশী দেশটির সরকারের সঙ্গেও কাজ করছে বলে মুখপাত্র জানিয়েছেন।
মঙ্গলবার গুতেরেস ইউক্রেনের লড়াইয়ে অর্থোডক্স ইস্টার ধর্মীয় উৎসব উপলক্ষে চার দিনের মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন।
কানেকো শুক্রবার বলেন, গুতেরেস তার মস্কো সফরের সময় মানবিক সহায়তার বিষয়ে আলোচনা আরো এগিয়ে নেবেন।
ইউক্রেনে মস্কোর আক্রমণ ১৯৪৫ সালের পর থেকে একটি ইউরোপীয় দেশে সবচেয়ে বড় হামলা। এতে হাজার হাজার হতাহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন, দেশটিতে এখন এক কোটি ২০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। সূত্র : সিএনএন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি