ঢাকায় ফিরছেন মানুষ

;
  • প্রকাশিত: ৭ মে ২০২২, ৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ঈদে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করতে ঢাকা ছেড়েছিল কোটি মানুষ। তবে ঈদ আনন্দ শেষে আবারও রাজধানীতে ফিরছে কর্মজীবীরা। সঙ্গে ফিরছে তাদের পরিবার। যদিও ফেরার পথে ভোগান্তির শেষ নেই মানুষের।

সব কিছু উপেক্ষা করে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীর দিকে ছুটছে মানুষ।

গত দুই দিনে রাজধানীতে ফিরেছে ২০ লাখেরও বেশি মানুষ। বৃহস্পতি ও শুক্রবারে ঢাকায় ফেরা মানুষের এই তথ্য জানিয়ে শনিবার (৭ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পরিসংখ্যান প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বারের ফেসবুক ওয়ালের ওই পরিসংখ্যান থেকে জানা যায়, ঈদের ছু‌টি শেষে গত বৃহস্পতিবার (৫ মে) ঢাকায় ফিরেছে ছয় লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসেছে ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লিয়ে গত দুই দিনে ২০ লাখ ৩০ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছে।

তবে এ হিসাব শুধু সিম ব্যবহারকারীদের। তাদের অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই।

এর আগে ঈদ যাত্রায় প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগের রবিবার (১ মে) এক দিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়ে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি