দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান ফখরুলের

;
  • প্রকাশিত: ২৫ মে ২০২২, ১:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশে দুঃশাসন চলছে অভিযোগ করে এর বিরুদ্ধে সবাইকে জেগে উঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা প্রাসঙ্গিক বলে মনে করছেন তিনি। সেখান থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান তার।

আজ জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এই আলোচনার আয়োজন করে।

ফখরুল বলেন, ঘুমিয়ে পড়ার গান, প্রেমের গান, এগুলো দিয়ে এখন হবে না। এখন জেগে ওঠার গান শোনাতে হবে।

তিনি আরও বলেন, আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। এই দুঃশাসন, ফ্যসিবাদ, অন্যায়-অত্যাচার, নির্যাতন আজকে সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে, এখান থেকে বেরুতে হবে। ঘুম থেকে জেগে উঠতে হবে, ঘুম জেগে উঠে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে। মুক্তিই হচ্ছে আমাদের একমাত্র পথ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, এই যুগে এই ধরণের ঘটনা দেখতে হয় যে, নারীদের ওপর চরম নির্যাতন করা হয়। এখানেই নজরুল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের উদ্দীপ্ত হতে হবে, সবাইকে জাগিয়ে তুলতে হবে। আজকে তরুণদের, যুবকদের জাগিয়ে তুলতে হবে।

তিনি বলেন, নজরুলকে আগামী দিনে মানুষের কাছে আরও পৌঁছে দেওয়ার জন্য এবং বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ভয়াবহভাবে আছি তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সবাই সেই গানের সাথে গাই বল বীর বল উন্নত মম শির।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এত বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে তার কথা উচ্চারণ করতে মন চায়।

নজরুল গবেষক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আয়োজিত সংগঠনের প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি