নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

;
  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নাইজেরিয়ার রিভার রাজ্যে অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তা ও পরিবেশবাদী দলের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, নাইজেরিয়ার তেলসম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া স্থানীয় সময় শনিবার বলেছেন, অবৈধ বাংকারিং সাইটে ওই বিস্ফোরণ ঘটে। এতে শতাধিক মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন করা একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে নাইজেরিয়ায়। এটার একটি মারাত্মক পরিণতি আছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।

বিপজ্জনক এই প্রক্রিয়া মারাত্মক দুর্ঘটনার দিকে পরিচালিত করেছে এবং একটি অঞ্চলকে দূষিত করেছে; যা ইতোমধ্যেই কৃষিজমি ও উপহ্রদগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনি জ্বালানি কেনার জন্য লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে পুড়ে গেছে।

দক্ষিণ নাইজেরিয়ার আশপাশে বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। তরুণরা জানে যে এটি বিপজ্জনক, কিন্তু দারিদ্র্যের কারণে তারা এসব অবৈধ শোধনাগারে কাজ করছে।

নাইজেরিয়া সরকার জানিয়েছে, অবৈধ ওই তেল শোধনাগারের মালিক বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে যেকোনো মূল্যে গ্রেপ্তার করা হবে। তাকে গ্রেপ্তারের পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সূত্র : গার্ডিয়ান, এনডিটিভি, আলজাজিরা।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি