সব
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাউকে আনা না আনা সরকারের দায়িত্ব না। আইন অনুযায়ী, নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।
গত সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বিএনপিকে নির্বাচনে আনতে দেশটির সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ নিয়ে আলোচনার মধ্যে আজ শুক্রবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেছেন বলে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে মোমেনের সহযোগিতা চাওয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দেয়।
মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে ওবায়দুল কাদের এই বিবৃতি দেন বলে বাসসের খবরে বলা হয়। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারও কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। কিন্তু ক্ষমতালিপ্সু বিএনপি বরাবরই হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণের জন্য কিছু করেনি। বিএনপির এই অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে।
বিএনপির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেকোনো উপায়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি