সব
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকারের সীমাহিন লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন আজ দুর্বিষহ। এভাবে কোন দেশ চলতে পারেনা।
দেশের প্রতিটি সেক্টরে নিজেদের দলীয় লোক নিয়োগ দেয়ায় বাজারে সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। সয়াবিন তেলের দাম প্রায় ২০০ টাকা। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় এই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা হলে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শনিবার রেজিষ্টারী মাঠে জেলা বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।তিনি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ভোজ্যতেল, পেঁয়াজ, চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়ায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শনিবারের বিক্ষোভ সমাবেশকে সফলের লক্ষ্যে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি