হাওরের ৪১ শতাংশ বোরো ধান কাটা শেষ

;
  • প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হাওরের ৪১ শতাংশ বোরো ধান কাটা ইতিমধ্যে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২০ এপ্রিল) পর্যন্ত হাওরের শতকরা ৪১ ভাগ ধান কাটা হয়ে গেছে। এর মধ্যে কিশোরগঞ্জে ৩৮ শতাংশ, নেত্রকোনায় ৭৩ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ শতাংশ, সিলেটে ৩৭ শতাংশ, মৌলভীবাজারে ৩৬ শতাংশ, হবিগঞ্জে ২৫ শতাংশ এবং সুনামগঞ্জে ৪২ শতাংশ ধান কাটা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর দেশের হাওরভুক্ত সাতটি জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের হাওরে বোরো ধান আবাদ হয়েছে চার লাখ ৫২ হাজার ১৩৮ হেক্টর জমিতে। আর নন-হাওরে আবাদ হয়েছে চার লাখ ৯৮ হাজার ১৮০ হেক্টর জমিতে। মোট (হাওর ও নন-হাওর মিলে) আবাদ হয়েছে ৯ লাখ ৫০ হাজার ৩১৮ হেক্টর জমিতে। এর মধ্যে ৯ হাজার ৭০০ হেক্টর জমির ধান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়, যা মোট আবাদের শতকরা ১ ভাগ।

এদিকে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে হাওরের শতকরা ৮০ ভাগ ধান পাকলেই এসব এলাকার ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পাকা ধান দ্রুততার সাথে কাটার জন্য কৃষি মন্ত্রণালয় কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। ধান কাটার যন্ত্র ‘কম্বাইন হারভেস্টার’ ও ‘রিপার’ পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও নিয়ে আসা হয়েছে।

এ মুহূর্তে হাওরে প্রায় এক হাজার ৭০০ কম্বাইন হারভেস্টার ও রিপার ধান কাটছে। যার মধ্যে এক হাজার ১০০ কম্বাইন হারভেস্টার স্থানীয় আর ৩৫০টি কম্বাইন হারভেস্টার অন্যান্য জেলা থেকে নিয়ে আসা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি