সব
দেশের ৪ জেলায় ২ লাখ ৯৭ হাজার ৬২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে খুলনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও কিশোরঞ্জের জেলার বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
খুলনায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন তেল ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল জব্দ করেছে। এ সময় ওই তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ অভিযান পরিচালনা করেন।
সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে গুদামে মজুদ রাখা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই গুদাম মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন।
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা ২০ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকায় আর এস অয়েল মিলসে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার ২৪লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সামসুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ তেল জব্দ করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি