অগ্নিকাণ্ড : হকার্স মার্কেট পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ৯:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যাওয়া নগরীর লালদীঘির হকার্স মার্কেট পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২ মে) দুপুর ১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। এসময় পররাষ্ট্রমন্ত্রী সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সান্তনা দেন। এছাড়াও দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করার জন্য সিলেট জেলা প্রশাসকের প্রতি নির্দেশ প্রদান করেন। 

পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। সবটুকু না হলেও যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে দিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা প্রদান করা হবে। এর আগে এখন তাৎক্ষণিকভাবেও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।’

তিনি বলেন, ‘ভয়াবহ আগুন লাগার পরে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা যেভাবে তাদের জীবন বাজি রেখে কাজ করেছেন সেটি অত্যন্ত প্রশংসার দাবিদার। জানতে পেরেছি- আগুন নেভানোর সময় ৩ জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়ে পড়েন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা আবার নব উদ্যমে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এটাই তাদের সেবা, কমিটমেন্ট এবং আদর্শ। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আগুন লাগার খবর পেয়েই ছুটে এসে যে ভূমিকা রেখেছেন সেটি প্রশসংনীয়।’

এসময় পাশে থাকা সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমানকে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরুপণ করার নির্দেশ প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ধরনের গাড়ি প্রবেশের সুবিধার্থে হকার্স মার্কেটের গলিগুলো বড় করার নির্দেশন দেন মন্ত্রী।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি