সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে টিকিট নিয়ে বাকবিতণ্ডার জেরে পর্যটকদের মারধরের ঘটনার পর আগামী এক সপ্তাহ এই পর্যটন স্পটে প্রবেশে কোনো টিকিট লাগবে না বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এসময় তিনি জানান, ওই হামলার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে ডিসি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আগামী সাত দিন জাফলংয়ের প্রবেশ ফি ফ্রি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনও-কে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছি।’