আজভস্তাল থেকে ৫০ বেসামরিক লোক উদ্ধার

;
  • প্রকাশিত: ৭ মে ২০২২, ৬:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ আরো ৫০ জন বেসামরিক লোক শুক্রবার সেখান থেকে উদ্ধার হয়েছে।

তিনটি বাসে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। প্রথম দুটি বাস যায় ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর বেজিমেনের একটি অভ্যর্থনা কেন্দ্রে।

রাশিয়া ও ইউক্রেন নিশ্চিত করেছে, শনিবারও মানবিক উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে ইউক্রেনীয় বাহিনী বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। একটি গাড়িতে গুলি লেগেছে বলে তারা জানিয়েছে।

এর আগে গত রবিবার দেড় শর মতো লোককে আজভস্তালসহ মারিওপোলের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। ঝুঁকিপূর্ণ ও অতি ধীরগতি যাত্রার পর তারা মঙ্গলবার ২শ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত এক ইউক্রেনীয় শহরে পৌঁছে। কিছু লোক সে দফায় রুশ নিয়ন্ত্রিত বেজিমেনে শহরেও যায়।

বিশাল আজভস্তাল প্রাঙ্গণের সুরক্ষিত কাঠামোগুলোও টানা রুশ গোলা ও বোমায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কয়েক শ সেনা ছাড়াও সেখানে ভূগর্ভস্থ কক্ষ ও সুড়ঙ্গে ২ শর বেশি বেসামরিক লোক আটকা পড়ে আছে বলে মনে করা হয়। অনেক এলাকা ধ্বংসস্তূপের নিচে পড়ায় তাদের উদ্ধার করা নিয়ে উদ্বেগ রয়েছে।

মারিওপোল শহরের মধ্যে আজভস্তালই ইউক্রেনীয় সেনাদের শেষ ঘাঁটি। তারা অস্ত্র, খাদ্য ও রসদের অভাবে চরম দুর্গতিতে আছে। রাশিয়া তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে আসছে। সূত্র : বিবিসি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি