আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে নামাজের সময় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় একজন তালেবান সদস্য জানিয়েছেন, আজ বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতর জখম কিংবা নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
মাজার-ই-শরিফ শহরে তালেবান কমান্ডারের মুখপাত্র মুহাম্মদ আসিফ ওয়াজেরি রয়টার্সকে বলেছেন, শিয়া মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে।
২০ জনের বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
তবে প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র জিয়া জেনদাবি বলেছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে এবং অর্ধশত মানুষ আহত হয়েছে।
গত বছর তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেকসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপরও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।
পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতোমধ্যেই তালেবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। শিয়া ধর্মস্থানগুলোতে হামলার নেপথ্যেও আইএসকে জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে তালেবান শাসকদের অভিযোগ।
সূত্র : এনডিটিভি।