ইভিএমে ৩০০ আসনে ভোট করার সক্ষমতা নেই: ইসি

;
  • প্রকাশিত: ১০ মে ২০২২, ৬:২৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ব্যালেট পেপার না ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা কোনো চাপ অনুভব করছি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবো।

মঙ্গলবার (১০ মে) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘৩০০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা কমিশনের নেই। বর্তমানে ১০০টির মতো আসনে ইভিএমে নির্বাচন আয়োজনের সক্ষমতা কমিশনের রয়েছে।’

তাহলে ১০০ আসনে ইভিএমে নির্বাচন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কত আসনে ইভিএমে নির্বাচন হবে কি হবে না, সেসব কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী ইভিএমে নির্বাচনের কথা বলছেন, এ নিয়ে কমিশন কোনো চাপ অনুভব করছে কিনা, এমনে প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন ইভিএমে হবে না ব্যালটে হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পারেন।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা কোনো চাপ অনুভব করছি না। তিনি প্রধানমন্ত্রী হিসেবে না, আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার কথা বলেছেন বিষয়টি স্পষ্ট নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো পদ্ধতিতে হবে সেই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবো।’

তিনি বলেন, ‘যত্নসহকারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হবে।’

এনআইডি পাওয়ার জন্য মানুষের উৎসাহ আছে। কিন্তু ভোটের মাঠে কেনো মানুষ যায় না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি দেবো না। আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ন করা। আমাদের কর্মীরা ভোটার তালিকা প্রণয়ন করতে মাঠে যাবে। আপনি যেই প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের কোনো মন্তব্যই আমি করবো না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত আমাদের ওপরেই থাকবে। মতামত আমরা বিবেচনায় নিতে পারি। আপনিও মতামত দিতে পারেন, রাস্তায় কেউ মতামত দিতে পারেন, রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারবেন। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে ভোট কোন পদ্ধতি ও কেমন হবে সিদ্ধান্ত নেবো। সেটি আমাদের বিষয়। এ বিষয়ে আমরা স্বাধীন।

তিনি বলেন, সব আসনে ইভিএমে ভোট করার মতো এখন আমাদের সামর্থ নেই। ৩০০ আসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। ভোট ব্যালটে হবে না ইভিএমে, কতটি আসনে ইভিএমে হবে এ বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি পর্যালোচনাধীন রয়েছে।

এরআগে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের শুদ্ধ ও সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে সিইসি বলেন, শুদ্ধ ও সঠিক ভোটার তালিকা ছাড়া প্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব নয়।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় চার নির্বাচন কমিশনার, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে ভোট হবে ইভিএমে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি