করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। বৃহস্পতিবার (৭ মে) জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার প্রকাশিত ‘নিক্কেই কোভিড-১৯ রিকভারি সূচকে’ এই তথ্য উঠে এসেছে।
মূলত করোনা মহামারির শুরু থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বের শতাধিক দেশের কোভিড-১৯ মোকাবিলার এই পরিসংখ্যান নিক্কেই এশিয়ার সূচকে তুলে ধরা হয়েছে। সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে রিকভারি ইনডেক্সে শীর্ষস্থানে রয়েছে কাতার।
তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কম্বোডিয়া ও রুয়ান্ডা। এরপরই তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
নিক্কেই এশিয়া বলছে, করোনার সংক্রমণ ব্যবস্থাপনা, ভাইরাস প্রতিরোধী টিকাদান এবং এ সংক্রান্ত সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে তাদের এই ‘নিক্কেই কোভিড-১৯ রিকভারি সূচক’-এ দেশ ও অঞ্চলের মূল্যায়ন করা হয়েছে। সূচকে কোনো দেশের অবস্থান যত ওপরে হবে, করোনা মোকাবিলায় দেশটির অবস্থান তত ভালো বলে বোঝা যাবে।