Daily Super Bangla Logo


গয়েশ্বর বলেন,শর্ত একটাই, সরকারের পতন

১৮ মে ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ

রাজপথে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার রূপরেখার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেকে অনেক সরকার বানানোর কথা বলছেন। তাদের বলব, তার আগে তো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় না করে কিভাবে আরেকটি সরকার হবে? বরং বর্তমানে যে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে তারাই লাভবান হবে।

তাই আসুন ঐক্যবদ্ধভাবে রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে বিদায় করি।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব ড. রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক যুবদল সমাবেশের আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলিকে অনুরোধ করব আসুন, এক কাতারে এক সুরে পথ চলি।

গয়েশ্বর চন্দ্র আরো বলেন, আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না যেন আমাদের মাঝে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই শর্ত, এই সরকারের পতন এবং জাতীয় সংসদ বাতিল করতে হবে। সরকারের পতনের পর যদি কোনো দরকষাকষি থাকে সেটা দেখা যাবে। কিন্তু আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ মিথ্যা মামলায় বন্দি সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, রেদোয়ান আহমদও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী। আমরা তার মুক্তি দাবি করছি।

গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মণি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালসহ অন্যরা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ