সব
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। সোমবার প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদ অনুযায়ী তা হবে।
২২৪ এ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা একমত না হলে বর্তমান প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন।
রবিবার মন্ত্রিপরিষদ সচিবালয় ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে নেই বলে বিজ্ঞপ্তি জারি করেছিল।
তবে দেশটির সংবিধানের ৯৪ অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তার উত্তরসূরি দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত পদে বহাল থাকতে বলতে পারেন।
পাকিস্তানি পার্লামেন্ট জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম শূরী প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটকে “বিদেশি ষড়যন্ত্রের” অংশ সংবিধানের ৫ অনুচ্ছেদের লঙ্ঘন আখ্যায়িত করে অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন। এভাবে নাটকীয়ভাবে ইমরানের সরকার পতন থেকে রক্ষা পায়, যদিও এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর পরই প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন।
ডেপুটি স্পিকার কাসিম শূরী ও প্রেসিডেন্ট আরিফ আলভি উভয়ে ইমরান খানের পিটিআই দলের সদস্য।
পাকিস্তানের এই ঘটনাবহুল রাজনৈতিক পালাবদলের বিষয়টি এখন আইনসভার পর ক্রমেই বেশি করে আদালতের বিষয় হয়ে উঠছে।
সূত্র: ডন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি