Daily Super Bangla Logo


ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ১১ জনের

২৭ এপ্রিল ২০২২, ৯:২০ পূর্বাহ্ণ

ভারতের দক্ষণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে একটি মন্দির থেকে বের হওয়া ধর্মীয় শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১‌৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই মন্দির থেকে রথযাত্রার সময় হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসে রথটি। তখন দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মকর্তা ভানুপ্রিয়া জানান, রথটি চালাতে ব্যবহৃত জেনারেটর রাস্তার একটি মোড়ে আটকে যায়। সেটি ঠিক করার সময় রথের ওপরের অংশ হাই-ভোল্টেজ তারের সঙ্গে বাধে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রথের পাশে হাঁটতে থাকা প্রায় ৫০ জন ভক্ত দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে সরে যাওয়ায় তারা প্রাণে বেঁচে গেছেন।

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন থানজাভুর জেলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় টুইট করেছেন। ওই টুইটে তিনি লিখেছেন, ‘তীব্র ব্যাথা’ পেয়েছেন। তিনি আরো লেখেন, ‘দুঃখের এই মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারকে দুই লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
সূত্র: বিবিসি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ