রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার মস্কোতে বলেন, ‘কেউ আমাদের কাছে বিনামূল্যে কিছু বিক্রি করে না। আমরাও কোনো দাতব্য কাজ করতে যাচ্ছি না। ’
পুতিন বলেছেন, দাম পরিশোধের মাধ্যম রুবলে ধার্য করার অর্থ হচ্ছে রাশিয়ার সার্বভৌমত্বকে শক্তিশালী করা। পুতিনের স্বাক্ষরিত আদেশের অর্থ, রাশিয়ার গ্যাসের বিদেশি ক্রেতাদের সেদেশের গাজপ্রম ব্যাংকে হিসাব খুলে এতে ইউরো বা মার্কিন ডলার স্থানান্তর করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, বিদেশি ক্রেতাদের গ্যাসের জন্য রুবলে দাম দেওয়ার মাধ্যমে বাজারে মুদ্রাটির অবস্থা ভালো হতে পারে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে রুবলের মান দ্রুত হ্রাস পেয়েছে। তবে তা পুনরুদ্ধার হতে শুরু করেছে।
পশ্চিমা কম্পানি এবং সরকারগুলো রুবলে গ্যাসের দাম পরিশোধের রুশ দাবিকে বিদ্যমান চুক্তির লঙ্ঘন দাবি করে আগেই প্রত্যাখ্যান করেছিল। কারণ ওই দাম ইউরো বা মার্কিন ডলারে ঠিক করা হয়েছে।
ইইউ তার গ্যাসের প্রায় ৪০% এবং জ্বালানি তেলের ৩০% তেল রাশিয়া থেকে পায়। সরবরাহ ব্যাহত হলে এর কোনো সহজ বিকল্প নেই।
সূত্র : বিবিসি
