Daily Super Bangla Logo


রেশনিং চালু ও ন্যায্য মূল্যের দোকান বাড়ানোর দাবি সিপিবির

৩ এপ্রিল ২০২২, ৬:৪১ অপরাহ্ণ

রেশনিং ব্যবস্থা চালু ও ন্যায্য মূল্যের দোকান বাড়ানোর দাবিতে আগামী ১৫ থেকে ১৭ এপ্রিল দেশব্যাপী গণ-অবস্থান ও বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রবিবার সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

ওই কর্মসূচি সফল করতে সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি, ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু এবং ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ দাবিতে ১৫-১৭ এপ্রিল জেলা উপজেলা-ইউনিয়নে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিবি।

বিবৃতিতে দুই নেতা বলেন, অনেক মানুষ ‘আধাপেট’ খেয়ে দিন যাপন করলেও সরকারের মন্ত্রীরা মানুষকে উপহাস করে চলেছে। সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে উল্লেখযোগ্য কোন ভূমিকাই নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণের গণসংগ্রাম অব্যাহত রেখেই দাবি আদায় করতে হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ