লকডাউন লঙ্ঘন : পার্লামেন্টে বরিস জনসনের বিষয়ে ভোট হবে

;
  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নিজের সরকারের করা লকডাউনবিধি ভাঙার জন্য পুলিশ কর্তৃক জরিমানার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া প্রথম বক্তব্যে আবারও ক্ষমা চেয়েছেন। তবে এর পরও তিনি বিরোধীদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার আত্মপক্ষ সমর্থনের পুনরাবৃত্তি করে পার্লামেন্টে বলেন, তিনি জেনেশুনে নিয়ম ভঙ্গ করেননি।

তবে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার জনসনের ক্ষমা প্রার্থনাকে ‘একটি রসিকতা’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি জনগণকে অপমান করছেন।

এদিকে পার্লামেন্টের স্পিকার বলেছেন, কভিড আইন লঙ্ঘন নিয়ে জেনেশুনে প্রধানমন্ত্রীর সংসদকে বিভ্রান্ত করার বিষয়ে তদন্ত করা উচিত কি না তা নিয়ে বৃহস্পতিবার এমপিরা ভোট দেবেন।

বরিস জনসনের বিষয়টি সংসদের বিশেষ প্রাধিকার কমিটিতে তোলা হবে কি না সে বিষয়ে লেবার দলের পক্ষ থেকে একটি প্রস্তাবের প্রেক্ষাপটে স্পিকারের এ সিদ্ধান্ত আসে।

বরিস জনসন, তার স্ত্রী ক্যারি এবং অর্থমন্ত্রী রিশি সুনাক ২০২০ সালের জুনে কভিড বিধি ভেঙে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। এ জন্য তারাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেককেই জরিমানা করেছে পুলিশ। যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের সাজা পেয়েছেন।

ঘনিষ্ঠজনরা এর আগে বলেছিলেন, জনসন তার নিজের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন এবং এর মধ্য দিয়ে চলমান বিতর্ক ফিকে করে দেওয়ার চেষ্টা চালাবেন। তাঁর আসন্ন কর্মসূচির মধ্যে দুই দিনের ভারত সফরও রয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সূত্র : বিবিসি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি