Daily Super Bangla Logo


সাংবাদিকের উপর হামলা : ‘সন্ত্রাসীদের’ দ্রুত শাস্তির দাবি ইমজা’র

২৪ মে ২০২২, ৪:৫২ পূর্বাহ্ণ

সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের হামলার শিকার হয়েছেন চ্যানেল এসইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজু। সন্ত্রাসীরা প্রকাশ্যে তাঁর ক্যামেরা ভাংচুর ও তাকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনার পর সোমবার রাতে জরুরি বৈঠকে বসে ইমজা সদস্যরা।

ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনিয়র সহসভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সরকারি দলের নাম ভাঙিয়ে এহেন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়।

ইমজা নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের মুখ বন্ধ করতে একটি চক্র ত্রাস সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়ে তারা আবারো সেটি প্রমাণ করেছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় না আসা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মঈন উদ্দিন মনজুর উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের মধ্যে লালন করা সন্ত্রাসীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানায় ইমজা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ