প্রকাশিত হলো প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সানিয়াত সাত্তারের প্রথম বাংলা একক গান ‘বন্ধু’। গান বাক্স মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানের কথা লিখেছেন নূর সিদ্দিকী। গানে সুর ও কণ্ঠ দিয়েছেন সানিয়াত নিজে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এই গানটি একযোগে আইটিউন্স, অ্যামাজন মিউজিক, স্পটিফাইসহ বিশ্বের ২৬০টিরও বেশি অনলাইন ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ হয়েছে।
গানের রচয়িতা নূর সিদ্দিকী বলেন, সানিয়াত ভাই আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের বড় ভাই। ক্যাম্পাস জীবনে যদিও কথা হয়নি খুব একটা। তবে আমরা একই হলের ছাত্র ছিলাম। ভাই ছিলেন খুব চুপচাপ স্বভাবের। সানিয়াত ভাই ছাত্রত্ব শেষ করেই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। উচ্চ শিক্ষার জন্য ভীনদেশেও চলে যান। ফলে দূরত্বও বাড়ে। সময় তাকে অধ্যাপকও বানিয়েছে। কিন্তু তিনি যে সঙ্গীত নিয়ে কাজ করেন তা জানতাম না।
সম্প্রতি আমাকে গান লেখার ভূতে ধরেছে। ‘বন্ধু’ নামে একটি গান লিখে সেটা সানিয়াত ভাইকে দেই সুর আর কণ্ঠ দেয়ার জন্য। ভাই অসাধারণ কাজ করেছেন। নতুন এই একক গান নিয়ে সানিয়াত সাত্তার বলেন, এটা আমার প্রথম বাংলা সিঙ্গেল, তাই এই গান নিয়ে আবেগ ও উচ্ছ্বাস অনেক। গানটি বেশ এক্সপেরিমেন্টাল যেখানে আমি আফ্রো-বিট, বাংলা পলিগীতি ও পশ্চিমা হিপহপের সংযোগ ঘটিয়েছি। নূরের লেখা এই গানে চিরায়ত বন্ধুত্বের মিষ্টি ব্যাপারগুলো প্রকাশ হয়েছে, আর তাই আমিও চেষ্টা করেছি গানটিতে আনন্দের আবহ তৈরি করতে। আশা করি গানটি সবার ভালো লাগবে।
এর আগে সানিয়াতের ইংরেজি ভাষার একটি অ্যালবাম ও চারটি একক গান প্রকাশ হয়েছে। উল্লেখ্য, ‘বন্ধু’ গানটি প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই স্পটিফাইয়ে ৬টি প্লে-লিস্টে স্থান পায়।