দেশে আইনের শাসন থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে থাকতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘আমার অপরাধ কী?’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি আপনার বক্তব্য বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন আপনার অপরাধ কী? আপনি খালেদা জিয়াকে টুস করে ফেলে দেবেন বলে হত্যার হুমকি দেন। এইটা জঘন্য হত্যার হুমকি।
দেশে আইনের শাসন থাকলে আপনি কারাগারে থাকতেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম কই? সাইফুল ইসলাম হিরু কই? এই সব গুমের অপরাধ আপনার। ছাত্রনেতা জনিকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, সেই ক্রসফায়ারের অপরাধ আপনার। ’
রিজভী বলেন, ‘ছাত্রলীগকে কাপুরুষ সন্ত্রাসী বানিয়েছেন প্রধানমন্ত্রী। গুণ্ডাদেরও একটা নৈতিকতা থাকে। ঢাকা বিশ্বদ্যিালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ছাত্রীদের ওপর হামলা করেছে তা কাপুরোষিত সন্ত্রাসীদের কাজ। ছাত্রলীগ কাপুরুষ। এরা মেয়েদের লাঞ্ছিত করে। ছাত্রদল নেত্রী মানসুরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ’
তিনি বলেন, ‘আমি হাসপাতালে হাসপাতলে গেছি। মানসুরা কাতরাছে, তৃণা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তুলি হাসপাতালে কাতরাচ্ছে। যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া কেউ এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে আঘাত করা হয়েছে, রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। ’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি ছাত্রলীগকে দখলবাজ বানিয়েছেন, চাঁদাবাজ বানিয়েছেন আর কাপুরুষ বানিয়েছেন। আপনার মুখ থেকেই সাবেক প্রধানমন্ত্রী, বারবার গণতন্ত্র উদ্ধারকারী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে নোংরা কথা বলেছেন, হত্যার হুমকি দিয়েছেন। এসব কথা শুধু আপনার মুখেই মানায়। ’
সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাপক আন্দোলন আসছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আগামীতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক আন্দোলন কর্মসূচি আসছে। এই জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। সেই আন্দোলনে অবশ্যই জাতীয়তাবাদী মহিলা দল সম্মুখ সারিতে উপস্থিত থাকবে বলে আমি বিশ্বাস করি। ’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি তো নিশিরাতে ভোট করে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী পাড়া-মহল্লার গুণ্ডাপাণ্ডাদের মতো করে বক্তব্য আপনি কিভাবে দেন? টুস করে ফেলে দেব, চুবানি দেব―এমন বক্তব্য আপনি কিভাবে দেন? আপনি এর আগেও এ ধরনের কথা বলেছেন। আপনি যে জোর করে ক্ষমতা দখল করে আছেন, জনগণ যে আপনাকে পছন্দ করে না―আপনার এমন বক্তব্য এটাই প্রমাণ করে যে আপনি যোগ্য নন বাংলাদেশের রাজনীতিতে। ’ এমন বক্তব্যকে প্রধানমন্ত্রীর মুখে মানায় না বলেও জানান তিনি।