Daily Super Bangla Logo


সিদ্ধার্থ কিয়ারার বিচ্ছেদ হয়ে গেল!

২৪ এপ্রিল ২০২২, ১:৫৭ অপরাহ্ণ

দিনকয়েক আগেই ঈশান-অনন্যার ব্রেক আপ খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল এবার শেরশাহ জুটির সিদ্ধার্থ ও কিয়ারা ব্রেক আপের খবর নিয়ে হৈচৈ চলছে বলিউডে।

সম্প্রতি রণবীর সাত পাক ঘুরলেন আলিয়া ভাটের সঙ্গে। আনন্দের সেই রেশ কাটতে না কাটতেই ফের বিচ্ছেদের খবর বলিউডে। জানা গেছে, প্রেম ভেঙেছে আলিয়ার ‘প্রাক্তন’ সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানির!

কিয়ারা বা সিদ্ধার্থ কোনো দিন তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।

কিন্তু প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা গেছে। দুই বাড়িতেও দু’জনের যাতায়াত ছিল। এমনকি, ছুটি কাটাতেও একসঙ্গে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তেন! সম্প্রতি একটি পুরস্কারের মঞ্চে কৃতি শ্যাননের গাউন সামলাতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কিয়ারার ধারেপাশেও ছিলেন না তিনি। জল্পনা শুরু তখন থেকেই। বলিউড তাই এমনটাও বলছে, পুরোটাই কৃতির কৃতিত্ব নয় তো?

‘শেরশাহ’ ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। ছবি হিট। জুটি জনপ্রিয়। প্রেমও নাকি শুরু! অনুরাগীরা চোখে হারাচ্ছেন তাঁদের। সেই উচ্ছ্বাস উসকে দিয়ে দুই অভিনেতাও বলিউডের যত্রতত্র সর্বত্র। আরো একটি কারণ নাকি কাছাকাছি এনেছিল তাঁদের।

সিদ্ধার্থ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এবং কিয়ারা ভীষণ ব্যক্তিগত জীবনযাপনে বিশ্বাসী। অভিনয়ের বাইরে প্রচার আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন। তাঁদের অবসর কাটে পরিবারের সঙ্গে। সম্ভবত এই কারণগুলো মিলতেই তাঁরা একে অপরের সঙ্গ পছন্দ করতেন।

সিদ্ধার্থ ও কিয়ারা একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি থেকে বাবা-মায়ের সঙ্গে লাঞ্চ ডেট সব ছবিই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে একসঙ্গে আর পথচলা হলো না, রিল থেকে রিয়েল বলিউড ভক্তদের পছন্দের জুটি সিদ্ধার্থ-কিয়ারা এবার ব্রেক আপের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও জুটির অনুরাগীরা এখনো মানতে পারছেন না, প্রেম ভেঙেছে তাদের। তাঁরা সিদ্ধার্থের পাশে কিয়ারাকেই দেখতে চাইছেন। বলিউড কিন্তু মনে রেখেছে, করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর একটা সময়ে এভাবেই আলিয়ার পাশেও ছায়া হয়েই থাকতেন সিদ্ধার্থ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ