সব
সারা দেশের ন্যায় মঙ্গলবার (৩ মে) সিলেটেও ধর্মীয় পবিত্র আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর একদিন থাকলেও এই আনন্দের রেশ থাকে অন্ততঃ এক সপ্তাহ। সিলেটে মানুষের সেই ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে দিনরাত মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা।
সিলেট মহানগরীতে এবার ৪৪৪টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি। মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নিশ্চিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে এসব মসজিদ ও ঈদগাহে মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করে সিলেটে ঈদের নামাজ আদায় করেছেন।
পরিবার-পরিজন নিয়ে মানুষ ঈদ আনন্দ উপভোগ করছেন। নগরবাসীর এ ঈদ আনন্দকে নিরাপদ রাখতে গত কয়েক দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সদস্যরাও ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন সিলেট নগরী ও শহরতলিতে। তবে নগরবাসীর ঈদ আনন্দে কাটলেও পুলিশ এবং র্যাব সদস্যদের ঈদ উদযাপন হচ্ছে রাস্তায়।
মঙ্গলবার সকালে ঈদের নামাজের সময় দেখা যায়, কেউ কেউ টহল দিচ্ছেন বিভিন্ন আবাসিক ও বাণিজ্য এলাকায়- আবার কেউ দায়িত্ব পালন করছেন ঈদগা ও বিভিন্ন চেকপোস্টে। অন্য সব মানুষের মতো পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার সৌভাগ্য হয়নি তাদের। পালাবদল করে ঈদের জামাতে অংশগ্রহণ করে আবারও নেমে পড়েছেন মানুষের নিরাপত্তার দায়িত্বে।
তবে এতে তাদের মনে কোনো আক্ষেপ নেই। নগরবাসীর ঈদ আনন্দই সব থেকে বড় তাদের কাছে। এক্ষেত্রে ব্যক্তিগত জীবনে আনন্দ তাদের কাছে বড় বিষয় নয়। নগরবাসীর ঈদ আনন্দের নিরাপত্তা নিশ্চিত করতে পেরে প্রশান্তির হাসি তাদের মুখে।
মঙ্গলবার (৩ মে) দুপুরে সিলেট নগরীর কয়েকটি এলাকা ঘুরে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি