Daily Super Bangla Logo


সিলেটে ত্রাণ দিচ্ছেন শায়খ আহমাদুল্লাহ

২৪ মে ২০২২, ৭:২৬ পূর্বাহ্ণ

দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ সিলেটে এসেছেন । তিনি এখানকার বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গত মানুষদের সহায়তায় নিয়ে আসা ত্রাণ বিতরণ করছেন । আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এসব ত্রাণ সিলেটে নিয়ে আসা হয়েছে। শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিন বিভাগ নিয়ে কাজ করা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

বন্যার কবলে পড়া সিলেটের দুর্গত মানুষদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশন তহবিল সংগ্রহ করে। এ নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজ থেকেও পোস্ট দেন শায়খ আহমাদুল্লাহ। নিজেদের অর্থায়ন ও সংগৃহিত তহবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ক্রয় করা হয়। সেসবই এখন বিতরণ করা হচ্ছে।

শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেইজে জানিয়েছেন, গতকাল সোমবার সিলেটের গোয়াইনগাট উপজেলায় এক হাজার বন্যার্ত পরিবারকে সহায়তা করা হয়েছে। আজ মঙ্গলবারও সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। গোয়াইনঘাট শেষে কানাইঘাটেও এক হাজার পরিবারকে সহায়তা করা হবে।

সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, চিড়া ১ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ১০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম, ৭৫ গ্রাম সাবান, ওরস্যালাইন ১০টা ও  পেঁয়াজ ১ কেজি করে প্রদান করা হচ্ছে।

এদিকে, বন্যার্তদের জন্য কতো টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। মোবাইল ব্যাংকিংয়ের যে নাম্বার (০১৪০৮৪০৫০৬০) দিয়ে তহবিল সংগ্রহ করা হয়, সেটিতে কল দেওয়া হলে একজন ফোন ধরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসের নাম্বারে কল করার পরামর্শ দেন। পরে অফিসের নাম্বারে (০৯৬১০-০০১০৮৯) কল করা হলে একজন ফোন ধরে তার কাছে হিসাব নাই বলে জানান। তিনি বিস্তারিত হিসাব জানার জন্য অফিসে যাওয়ার পরামর্শ দেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ