Daily Super Bangla Logo


সিলেটে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি

১৮ মে ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

সিলেটের সাড়ে ৫ শ শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকেছে বন্যার পানি। এছাড়া ২ শ-এর মতো শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ফলে জেলার অন্তত সাড়ে ৭ শ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। এখনও চলছে। একই সঙ্গে উজান থেকে নামছে ঢল। ফলে সিলেটের নিম্নাঞ্চল ও মহানগরীর প্রায় অর্ধেক এলাকা এখন বন্যাকবলিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বন্যার পানি ঢুকে মহানগরীসহ সিলেট জেলার সাড়ে ৫ শ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তবে সরকারিভাবে স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের কোনো নির্দেশনা এখনও আসেনি।

জেলার শিক্ষা কর্মকর্তারা বলছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া পানি নামার সময় আরও দু-একটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের একই দশা হতে পারে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৪৭৭টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে বুধবার দুপুর পর্যন্ত ৪০০টি পানিতে প্লাবিত হয়েছে। ফলে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ বলেন, ‘যেসব বিদ্যালয় প্লাবিত হয়েছে, সেগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। পানি বাড়ার কারণে নতুন করে আরও প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।’

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ