Daily Super Bangla Logo


স্যাটেলাইট ছবিতে মারিউপোল শহরের কাছে সম্ভাব্য গণকবর

২২ এপ্রিল ২০২২, ৮:১১ পূর্বাহ্ণ

মার্কিন বেসরকারি স্যাটেলাইট প্রতিষ্ঠান ম্যাক্সার বলেছে, তারা ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের কাছে একটি গণকবর চিহ্নিত করেছে। সেখানে দুইশটি কবর থাকতে পারে। মারিউপোল শহর দখলের চেষ্টায় রাশিয়ার বাহিনী কয়েক সপ্তাহ ধরে সেখানে টানা হামলা চালিয়ে যাচ্ছে।

ম্যাক্সার বলেছে, তাদের স্যাটেলাইটের তোলা চিত্রে মার্চের শেষে কবরের সম্প্রসারণ হওয়ার ছবি ধরা পড়েছে।

স্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, রুশ সেনারা সেখানে তাদের হাতে নিহত বেসামরিক নাগরিকদের কবর দিয়েছে। মস্কো এ নতুন স্যাটেলাইট চিত্রের বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি।

সম্ভাব্য গণকবরটি মারিউপোল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে মানহুশ নামের একটি গ্রামের কাছে। ম্যাক্সার বলেছে, সেখানে প্রায় ৮৫ মিটার লম্বা চার ভাগে বিভক্ত সারি দেখা যায়।

কয়েক সপ্তাহের বোমাবর্ষণ এবং লড়াইয়ের পর রাশিয়ার সেনারা শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে কিছু ইউক্রেনীয় বাহিনী শহরের একটি বিশাল ইস্পাতের কারখানায় রয়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারখানাটিতে হামলা না করে সেনাদের তা সম্পূর্ণ অবরুদ্ধ করে দিতে বলেছেন যাতে ‘একটি মাছিও বের হতে না পারে’। খাদ্য ও অস্ত্রসহ রসদ ফুরিয়ে আসা সেনাদের আত্মসমর্পণে বাধ্য করতেই তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ