Daily Super Bangla Logo


হবিগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে র‌্যাব সদস্য নিহত

৩ এপ্রিল ২০২২, ৬:৩৬ পূর্বাহ্ণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এই বাহিনীর আরও এক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধা সাড়ে ৭টার দিয়ে শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত র‌্যাব সদস্যের নাম মাহমুদ হাসান (৩০)। আহত পুলিশ কনস্টেবল সাখাওয়াত হোসেন (২৭)। তারা দুইজনই র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, র‌্যাব সদস্যরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে ঢাকামুখি যাচ্ছিলেন। এ সময় শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ