Daily Super Bangla Logo


ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

৪ এপ্রিল ২০২২, ২:০৪ অপরাহ্ণ

ঈদ ও বর্ষা সামনে রেখে সারা দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।

দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোরভাবে মনিটর করতে হবে।

বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যান চলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ