Daily Super Bangla Logo


তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

৮ এপ্রিল ২০২২, ৫:২৮ অপরাহ্ণ

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ ডিগ্রি, চট্টগ্রামে ৩২ দশমিক ৭ ডিগ্রি, সিলেটে ৩৪ ডিগ্রি, রাজশাহীতে ৩৬ ডিগ্রি, রংপুরে ২৮ দশমিক ৭ ডিগ্রি, খুলনায় ৩৫ দশমিক ২ ডিগ্রি এবং বরিশালে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ