Daily Super Bangla Logo


দুদকের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক : ফখরুল

১৬ এপ্রিল ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ

মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের লিভ টু আপিল আবেদন খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। ’ আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডা. জোবাইদা একজন অরাজনৈতিক চিকিৎসক। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক।

মামলাটিতে কোনো ভিত্তি না থাকলেও শুধু জিয়া পরিবারকে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে এবং যে আদেশ প্রদান করা হয়েছে তা ফরমায়েসি বলে প্রতীয়মান হয়। ’

‘বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে প্রভাব বিস্তার করে এই ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করার হীন উদ্দেশ্যেই এসব হয়রানিমূলক মামলা দায়ের করেছে। দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগ সংবিধান প্রদত্ত স্বাধীনতা রক্ষা না করে দলীয় সংকীর্ণ উদ্দেশ্য চরিতার্থের জন্য বেআইনি, জবর দখলকারী অনির্বাচিত আওয়ামী সরকারকে অনৈতিকভাবে সহযোগিতা করছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। স্থায়ী কমিটির সভায় এ ধরনের হীন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বিচার বিভাগকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনভাবে সংবিধানের মূল চরিত্র অক্ষুণ্ণ রেখে বিচারিক কর্ম সম্পাদনের আহ্বান জানানো হয়। ’

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণায় কভিড-১৯ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি দামে টিকা ক্রয় ও অর্থ ব্যয়ে চরম অস্বচ্ছতার কারণে ২৩ হাজার কোটি টাকার অনিয়মের তথ্যে বিএনপির স্থায়ী কমিটির উদ্বেগের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে সীমাহীন দুর্নীতির কারণে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতির বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে স্থায়ী কমিটির সভা থেকে। ’

‘কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপার চেষ্টা’

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা মামলা দায়ের এবং দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের এখতিয়ারবহির্ভূত মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে সেসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রমাণিত যে সরকারের কোনো মহল এই অপরাধের সঙ্গে জড়িত। অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে উন্মোচন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় স্থায়ী কমিটি। ‘

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস বিএনপি পালন করবে বলে জানান মির্জা ফখরুল।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ