Daily Super Bangla Logo


গুলিতে দুজনের একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।

১৮ এপ্রিল ২০২২, ১০:৩০ অপরাহ্ণ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন- মোশাররফ হাজারি (২৪) ও রজব ইসলাম (২৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশারফ হোসেন বুলেটবিদ্ধ হন। অন্যদিকে, পুলিশের ছোঁড়া টিয়ার শেল রজবের বুকে লাগে।

আহতদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে অর্ধশতাধিক রাবার বুলেটের চিহ্ন রয়েছে। তাকে আইসিইউতে নিতে বলেছেন চিকিৎসক— বলেন ওই শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সংঘর্ষের ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তাদেরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা পোস্টের ঢাকা মেডিকেল কলেজ প্রতিবেদক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছিল। ঘটনাস্থল থেকে ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ কাজ করছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ