Daily Super Bangla Logo


ওয়েব ফিল্মে ববি

১৯ এপ্রিল ২০২২, ৯:০৯ পূর্বাহ্ণ

ওয়েব প্ল্যাটফর্মে এখন ঝুঁকছেন বড় পর্দার তারকারা। বিশ্বজুড়েই একই চিত্র।  ইতিপূর্বে দেশের অনেক তারকাই ওয়েব জগতে পা গলিয়েছেন।

এবার নাম লেখালেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ওয়েবনির্ভর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘সুরভী’। এটি নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে।

২০২০ সালে বঙ্গ একটি ভিন্ন আয়োজন নিয়ে এসেছিল। বই থেকে গল্প নিয়ে কনটেন্ট নির্মাণ। এর নাম ‘বঙ্গ বব (বেজড অন বুক)’। এবার আসছে এই প্রজেক্টের দ্বিতীয় সিজন। এবার জনপ্রিয় সাতটি বই অবলম্বনে নির্মিত হচ্ছে সাতটি টেলিফিল্ম। যার একটি হলো ‘সুরভী’।

টেলিফিল্মটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এর নাম ভূমিকায় থাকছেন ববি। এই কনটেন্টের সব অভিনয়শিল্পী ও কলাকুশলী নারী! এতে ববি ছাড়াও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।

এর গল্প নিয়ে নির্মাতা চয়নিকা জানান, সুরভী ও রুম্পা নামে দুই তরুণীর অবিশ্বাস্য সাদৃশ্য ও তাদের জীবনের টানাপড়েনের অতিপ্রাকৃত গল্প এটি। দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যায় সুরভী। তবু রুম্পা কেন সুরভীকে দেখতে পায়? তাকে অনুভব করে। রুম্পার কাছে কী চায় সুরভী? আর সবাই রুম্পাকে দেখে কেন সুরভী বলে ভুল করে? এমন নানা প্রশ্নের রহস্য থাকছে এতে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ