কপাল পুড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলনেতা রোহিত শর্মার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে পাচ্ছেন না রানের দেখা।
আর বৃহস্পতিবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শূন্যারানেই ফেরেন তিনি। তাতেই গড়েছেন লজ্জার রেকর্ড। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট হওয়ার ব্যাটার এখন তিনি।
এর আগেই শূন্য রানের রেকর্ডে নাম ছিল রোহিতের। তবে সেটা যৌথভাবে। আর চেন্নাইয়ের বিপক্ষে সেটা একার করে নিলেন তিনি। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মুম্বাই দলনেতা।
তাতেই আইপিএলের এখন পর্যন্ত ১৪তম বার শূন্য রানে আউট হলেন রোহিত। আইপিএলে তার চেয়ে বেশি শূন্য নেই আর কারও। সমান ১৩ বার করে হাঁস খাওয়ার নজির রয়েছে অজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, মানদ্বীপ সিং, হরভজন সিং ও পিয়ুশ চাওলার।
রোহিতের সঙ্গে একই দিনে লজ্জার রেকর্ড গড়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত টানা সাত ম্যাচে হারেনি কোনো দলই। এবার সেই রেকর্ডই করল আইপিএলের সর্বোচ্চ শিরোপাধারীরা।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে নিজেদের সপ্তম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে মুম্বাই। তবে শেষদিকে দলের যৌথ প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৫ রান তুলে রোহিত শর্মা বাহিনী।
রান তাড়া করতে নেমে হারতেই বসেছিলো চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য শেষ চার বলে জাদেজাদের দরকার ছিল ১৬ রান। এমতাবস্থায় অনেকে ধরেই নিয়েছিল যে, হারতে বসেছে চেন্নাই। কিন্তু দলের অভিজ্ঞ ব্যাটার এবং সাবেক অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনির দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে জয় পেয়েছে চেন্নাই।