Daily Super Bangla Logo


নাহিদের পরিবারকে স্বাবলম্বী করার দায়িত্ব রাষ্ট্রের : ওমর সানী

২৩ এপ্রিল ২০২২, ৬:৫৩ পূর্বাহ্ণ

গত মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে নাহিদকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাত্র ছয় মাস আগে বিয়ে করা নাহিদ কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পাশে দেওয়ানবাড়িতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি দোকানে চাকরি করতেন।

নাহিদের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ওমর সানী।   ওমর সানী মনে করেন, নাহিদের পরিবারকে স্বাবলম্বী করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তিনি বলেন, ‘এই দায়ভার কে নেবে? আমি বলি বাংলাদেশ নেবে, নেহায়েত গরিব বলে বিচার হবে না? আমি বোনটার সাথে একমত, পরিবারের সাথে একমত, কেন হবে না? রাষ্ট্রের উচিত এই পরিবারটাকে স্বাবলম্বী করে দেওয়া, এড়িয়ে যাবেন না রাষ্ট্র, কারণ আমরা যে প্রজা রাষ্ট্রের। ’

পোস্টের সঙ্গে ওমর সানী দুটি ছবি দিয়েছেন। একটিতে রয়েছে দেশের জাতীয় পতাকা, অন্যটিতে নিহত নাহিদের স্ত্রী ডালিয়া সুলতানার ছবি এবং একটি মন্তব্য। সেখানে ডালিয়া বলেছেন, ‘আমরা গরিব বইলা কেউ বিচারের কথা কয় না। কিন্তু আমি ন্যায্য বিচার চাই। গরিব বইলা আমাগো বিচার থাকবো না, তা না। ’

এদিকে নাহিদের মৃত্যুতে আইনের দ্বারস্থ হয়েছেন তার বাবা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ