Daily Super Bangla Logo


ডেন্টালের ফল প্রকাশ : পাসের হার ৫৯.৭৭ শতাংশ

২৪ এপ্রিল ২০২২, ১১:৫২ পূর্বাহ্ণ

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। 

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।  তিনি জানান, ডেন্টাল পরীক্ষায় পাস করেছেন ৩৯৩৯৫ জন। পরীক্ষায় পাসের হার ৫৯.৭৭ শতাংশ।

এর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৪৯ জন (৩৪.৯০ শতাংশ), মেয়ে ২৫ হাজার ৬৪৬ জন (৫২.৮৪ শতাংশ)। সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২৫৭ জন (৪৭.১৬ শতাংশ), মেয়ে ২৮৮ জন (৫২.৮৪ শতাংশ)।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী। দ্বিতীয় হওয়া ছেলে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯১.৭৫।

মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ নম্বর ২৮৫, সর্বনিম্ন নম্বর ২৭৯.৫। উপজাতী কোটায় সর্বোচ্চ ২৮২, সর্বনিম্ন নম্বর ২৬৪.৭৫।

এর আগে গত ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ৫৪৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৩ হাজার ৮২ জন (৮০.৫৪ শতাংশ)। এবার প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ