Daily Super Bangla Logo


বলিউড অভিনেতার ছেলে যখন সাঁতারে সোনাজয়ী

২৫ এপ্রিল ২০২২, ৪:২৬ অপরাহ্ণ

ক্রীড়াপ্রেমীদের কাছে ‘বেদান্ত মাধবন’ নামটা খুব একটা পরিচিত লাগার কথা নয়। তবে ‘থ্রি ইডিয়টস’ তারকা আর মাধবন তো বেশ জনপ্রিয়। এই আর মাধবনের ছেলেই হলেন বেদান্ত মাধবন। যেখানে সব স্টারকিডরা বাবা বা মায়ের পথে হেঁটে থাকেন, সেখানে বেদান্ত হাঁটছেন অন্যপথে।

নিজের জন্য রাস্তা নিজেই বানিয়ে নিয়েছেন। মাধবনের ১৬ বছরের বেদান্ত সম্প্রতি কোপেনহেগেনে আয়োজিত ড্যানিশ ওপেনে সোনা ও রূপা জিতেছেন।

বেদান্ত কখনই চান না, বাবার পরিচয়ের ছায়ায় জীবন কাটাতে।  নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান। পদক জিতে দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদান্ত বলেন, ‘আমি বাবার ছায়ায় এগিয়ে যেতে চাই না।  নিজের আলাদা পরিচয় তৈরি করতে চাই। আমি আর মাধবনের ছেলে হয়ে জীবন গড়তে চাই না। বাবা-মা সবসময় আমার পাশে ছিলেন এবং আছেন। দুজনেই অনেক পরিশ্রম করেছেন। আমার পরিবারের অন্যতম ত্যাগ হলো- আমার জন্য দুবাই চলে যাওয়া।  তারা সেটাও করেছেন। ‘

এর আগে বেদান্ত পুরুষদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন। ১৫.৫৭.৮৬ মিনিটে শেষ করে জয় করেন রূপার পদক। এরপর ৮০০ মিটারে জিতে নেন সোনা। ছেলের সাফল্যে গর্বিত বাবা ইনস্টাগ্রামে সোনা জয়ের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সোনা। আপনাদের সবার প্রার্থনা ও সৃষ্টিকর্তার আশীর্বাদে জয়ের ধারা বজায় রেখেছে। বেদান্ত ৮০০ মিটারে সোনা জিতেছে। আমি আপ্লুত ও গর্বিত। কোচ এবং দলের সবাইকে ধন্যবাদ। ‘

গত বছর থেকে মাধবন এবং তার স্ত্রী সরিতা দুবাইতে বসবাস শুরু করেন।  আসন্ন অলিম্পিকের আগে বেদান্ত যাতে বিশ্বমানের প্রশিক্ষণ পায়- সেটাই তাদের উদ্দেশ্য।  সাধারণত এসব ক্ষেত্রে দেখা যায়, সন্তানকে বিদেশে রেখে মা-বাবা দেশেই থাকেন। কিন্তু মাধবন তার উল্টোটাই করেছেন। এবার বেদান্তের লক্ষ্য অলিম্পিকে অংশগ্রহণ। অন্যদিকে আর মাধবন পরবর্তী সিনেমার কাজ করছেন। নির্মাণ করছেন ভারতের সাবেক বিজ্ঞানী এবং মহাকাশ গবেষক নাম্বি নারায়ণের বায়োপিক। পরিচালক হিসেবে এটাই তার প্রথম সিনেমা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ