Daily Super Bangla Logo


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলিতে ধান তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২৬ এপ্রিল ২০২২, ২:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রলিতে ধানের আঁটি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নায়েব উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আশুরাইল বিলের জমি থেকে কৃষকরা ধান কেটে নৌকায় করে স্থানীয় ঘাটে নিয়ে আসেন। পরে ঘাট থেকে ধান ট্রলিতে তোলার সময় চালক জুনায়েদ ও কৃষক জালালের মধ্যে তর্কাতর্কি হয়। কৃষক চাইছিলেন আরও বেশি ধান ট্রলিতে তুলতে। কিন্তু চালক অতিরিক্ত ধান তুলতে রাজি হননি। এ নিয়ে দুইজনের পক্ষ নিয়ে শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে নায়েব উল্লাহর মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, পুলিশ সংঘর্ষ থামানোর পর হাসপাতাল থেকে খবর আসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ