Daily Super Bangla Logo


ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রাজস্থান

২৭ এপ্রিল ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত তারকা শেন ওয়ার্ন। তার নেতৃত্বে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। এর পরও রাজস্থানের হয়ে খেলেছেন, ছিলেন রাজস্থানের কোচিং প্যানেলেও। গত ৪ মার্চ এই কিংবদন্তি চলে যান না-ফেরার দেশে।

তাকে শ্রদ্ধা জানাবে রাজস্থান। আগামী শনিবার রাজস্থান মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ম্য়াচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে। ২০০৮ সালে এই ভেন্যুতেই অজি কিংবদন্তি স্পিনারের নেতৃত্বে রাজস্থান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়েছিল তারা।

শনিবার রাজস্থানের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরেই ওয়ার্নকে স্মরণ করবেন মাঠে। সানজু স্যামসনদের জার্সির কলারে লেখা থাকবে ‘এসডাব্লিউ২৩’। ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে ওয়ার্নের স্মরণে গ্যালারি তৈরি করা হয়েছে। বিসিসিআই ও রাজস্থান রয়্যালস একযোগে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ