Daily Super Bangla Logo


আজ দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

২৮ এপ্রিল ২০২২, ৫:৪৪ পূর্বাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে তিনি ঢাকা সফর করবেন।

জানা যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

আজ বিকেলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করা হবে। আগামীকাল শুক্রবার সকালে তিনি ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ বাংলাদেশ ও ভুটানে তিন দিনের সফর শুরু করছেন। তাঁর বাংলাদেশ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের প্রেক্ষাপটে দেখা যেতে পারে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ