Daily Super Bangla Logo


দীর্ঘ ৬৩ বছর আমার ভাই মানুষের সেবা করে গেছেন : পররাষ্ট্রমন্ত্রী

১ মে ২০২২, ১:১৫ অপরাহ্ণ

মরহুম আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমার বড় ভাই সারাজীবন মানুষের সেবা করে গেছেন। প্রায় ৬৩ বছর পাবলিক সার্ভেন্ট ছিলেন। যতদিন তিনি সার্ভিসে ছিলেন ততদিন যদি আপনারা কেউ কোনো কারণে অসন্তুষ্ট হন তবে আল্লাহর ওয়াস্তে তাঁকে ক্ষমা করে দেবেন। তার কোনো দেনা থাকলে আমি পরিশোধ করব। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে বেহেশত নসিব করেন। 

সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাযার নামাজের আগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমার বড় ভাই সম্পর্কে বেশি কিছু বলার দরকার নাই। তিনি ছিলেন আমাদের অভিভাবক। আমি আমার ভাই হারিয়েছি, আর জাতি হারিয়েছে সম্পদ। আমরা যেন তাঁর মতো সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে যেতে পারি সবাই এই দোয়া করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে আবুল মাল আব্দুল মুহিতকে তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। আর আমাদের একই ভিশন, এক স্বপ্ন- একটি উন্নত ও অসাম্প্রদায়ীক এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার। সবার জন্য অন্ন-বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ