Daily Super Bangla Logo


এখন মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে ঈদ শুভেচ্ছা

২ মে ২০২২, ৫:১০ অপরাহ্ণ

এ প্রজন্মের অনেকেই জানে না ঈদ কার্ড কী? ১৫ বছর আগেও ব্যাপকভাবে প্রচলন ছিল ঈদ কার্ডের। তখন ঈদ এলেই চাঁদরাত পর্যন্ত বন্ধুরা একে অন্যকে কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাত। প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে ঈদ কার্ডের সেই রেওয়াজ। এখন আর কেউ কাউকে ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানায় না। সেই জায়গা এখন দখল করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। 

ঈদের শুভেচ্ছা এখন সবাই জানায় ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেই সঙ্গে ইমো, টুইটার, ই-মেইলে টুং একটা শব্দের মাধ্যমে ইন্টারনেট সংযোগ যুক্ত মোবাইলে স্ক্রিনে ভেসে উঠছে ঈদের শুভেচ্ছা বার্তা।

এছাড়া কয়েক বছর আগেও অনেকে মোবাইল অপারেটরদের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানো হেতো। বলতে গেলে এই রেওয়াজটাও এখন আর নেই। এখন সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই শুভেচ্ছা বার্তা পাঠায়।

অন্যদিকে ৫-৭ বছর আগেও শহরের অলিগলি পাড়া মহল্লায় কিশোররা মিলে বানাত অস্থায়ী দোকান, সেখানে জায়গা পেত হরেক রকমের ঈদ কার্ড। এসব দোকান থেকে ঈদ কার্ড সংগ্রহ করে বন্ধুদের ঈদ শুভেচ্ছা জানত তারা।  সেই সময়ের ঈদ কার্ডগুলোর ভেতরে কবিতা, শুভ কামনার বার্তাসহ নানা কথা লিখা থাকত।

কিন্তু এসব প্রচলনের ইতি টেনে এখন সবাই ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানাতে অভ্যস্ত হয়ে উঠেছে। সোমবার ( ২ মে) ঈদের আগের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মোবাইল স্ক্রিন ভরে গেছে অনলাইন ঈদ শুভেচ্ছা বার্তায়।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ