Daily Super Bangla Logo


মির্জা ফখরুলকে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ তথ্যমন্ত্রীর

৫ মে ২০২২, ৬:১২ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা মহামারির পর এবার যেভাবে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ ঈদ করেছে সেটি অভাবনীয়। শুধু তাই নয়, এ বছর দেশের মানুষ যেভাবে কেনাকাটা করেছে, সমস্ত ব্যবসায়ীরা প্রচণ্ড খুশি এবং দেশের অর্থনীতি চাঙা হয়েছে। এবার দেশে ঈদযাত্রা অনেকটা ভোগান্তিহীন ছিল। মানুষের মধ্যে এখনো খুশির বন্যা বয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিবের ‘দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে মানুষের মন ভালো নেই, তাই দেশের মানুষ ভালোভাবে ঈদ করতে পারেনি’ প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব সম্ভবত অন্য গ্রহে বসবাস করেন অথবা তার মাথার মধ্যে অন্যদেশ ঘুরপাক খায়। এজন্য আমার মনে হয় মির্জা ফখরুল সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। কারণ বয়স হলে অনেক ধরণের আবোল তাবোল কথা মানুষ বলে।

তাদের ডাক্তারদের সংগঠন ড্যাব তার শারীরিক ও মানসিক স্বাস্থের কিছু পরীক্ষা করতে পারে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ