Daily Super Bangla Logo


মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান : ইউট্যাব

৬ মে ২০২২, ১:২০ অপরাহ্ণ

ভোজ্যতেল সয়াবিনসহ অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ শুক্রবার এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বলেন, বিগত দুই বছর মহামারি করোনাভাইরাসের কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে শ্রমজীবী ও মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত গোষ্ঠী সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। অনেকের আয়ের পথ বন্ধ হয়েছে।

অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে গেছেন। এরই মধ্যে বৃহস্পতিবার সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়েছে ৩৮ টাকা। পাশাপাশি অতিপ্রয়োজনীয় নিত্যপণ্য যেমন- চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতের মূল্য বেড়েছে কয়েকগুণ। ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা।

তারা বলেন, আজকে বাজারে সয়াবিন তেল মিলছেনা। ক্ষমতাসীন দলের অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিজেরাই অবৈধভাবে বাজারে তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করছে। যার প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। মানুষ ঈদের সময় যেখানে পরিবারের সাথে আনন্দঘন পরিবেশে থাকার কথা সেখানে বাজারে সয়াবিনের সঙ্কট তাদেরকে আরো বেশি বিচলিত করেছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ