Daily Super Bangla Logo


সিলেটে কৈলাশটিলা ৭ নম্বর কূপ থেকে গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

৭ মে ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ

সরকারি মালিকানাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলার সাত নম্বর কূপ থেকে শনিবার ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে ৯টা থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা ৭ নম্বর কূপ থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে।

গত ২ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পোস্টে লেখেন, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা ৭ নম্বর কূপে দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত সাতটি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দুটি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলা ৭ নম্বর কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লক্ষ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব।
প্রতিমন্ত্রী আরো বলেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কম্পানির কাছ থেকে পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের ওপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ক্রয়কৃত পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভূক্ত রয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ