রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ নিয়ে আলোচিত এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ১১ জন গ্রেপ্তার হলো। তাদের মধ্যে একজন আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার গ্রেপ্তার হওয়া দুজন হলেন কাউসার হোসেন ও মো. বাবু হোসেন।
হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের ধানমণ্ডি জোনাল টিম। তাঁরা দুজনই নিউ মার্কেট ক্যাপিটাল ফাস্ট ফুডের কর্মচারী। নিউ মার্কেটের যে দুই খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তার একটি ক্যাপিটাল ফাস্ট ফুড। সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
জানতে চাইলে ডিবির রমনা বিভাগের ধানমণ্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলে এলাহী কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার কাউসার ও বাবুকে নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হবে। সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখাবে থানা পুলিশ।
গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রথম দফায় সংঘর্ষ বাধে। পরদিন ১৯ এপ্রিলও দিনভর এ সংঘর্ষ চলে। এ ঘটনায় দুজন নিহত হন। তাদের একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হাসান। অপরজন নিউ সুপার মার্কেটের দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। সংঘর্ষে আহত হন দুই শতাধিক।