আগামী ১৮ই মে থেকে কলকাতায় শুরু হচ্ছে এএফসি কাপের গ্রুপ ডি’এর ম্যাচ। গ্রুপ পর্বে লড়বে ভারতের এটিকে মোহনবাগান ও গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপ পর্বের ম্যাচের নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবগুলো দলই।
এই ধারাবাহিকতায় প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতের এটিকে মোহনবাগান।
আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারত জাতীয় দলকে ২-১ গোলে হারিয়েছে সবুজ মেরুনরা। মোহনবাগানের হয়ে গোল দুটি করেছেন লিসতোন কোলাসো ও কিয়ান নাসিরি। জাতীয় দলের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। এর আগে সন্তোষ ট্রফির রানার্সাপ বাংলা দলের সঙ্গে খেলেছিল মোহনবাগান। সে ম্যাচে ১-০ গোলে হেরেছিল তাঁরা।
এএফসি কাপে ১৮ই মে মোহনবাগানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। এরপর ২১ মে বসুন্ধরা কিংস এবং ২৪ মে খেলবে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে।